স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ ভোলা
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমীনের নাম। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা এবার চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানা যায়, দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা মো. আল-আমীন ২০১১ সালে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে টানা প্রায় দেড় যুগ ধরে তিনি ওই দায়িত্ব পালন করে আসছেন। তাঁর পিতা মো. ইউনুস নাগর বেপারী স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে আল-আমীনকে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। অভিযোগ রয়েছে, ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা এবং স্থানীয় চেয়ারম্যান স্বপনের লোকজন বিএনপির রাজনীতি করার কারণে তাকে বিভিন্ন সময় মারধর ও হয়রানি করেছে। এমনকি তার ব্যবসা-বাণিজ্যও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তার পরিবার ও সমর্থকরা।
এছাড়াও রাজনৈতিক মামলায় বহুবার কারাবরণ করতে হয়েছে আল-আমীনকে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি মাঠের রাজনীতি ছাড়েননি বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও নির্যাতনের কারণেই বর্তমানে ইউনিয়নের বিএনপি সমর্থকদের মধ্যে আল-আমীনকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের সমর্থন নিয়ে তিনি এবার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আগ্রহী। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কর্মীসভাও করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মো. আল-আমীন বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি, হামলা-মামলা সহ্য করেছি। তারপরও জনগণের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে চাই বলেই চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ এবং বিএনপি ঘরানার ভোটারদের সমর্থন—সব মিলিয়ে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন ছাত্রদল নেতা আল-আমীন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025