স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলার উত্তর দিঘলদী ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, দালাল চক্রের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভূমি সহকারী কর্মকর্তা খালিদা বিনতে হোসেন দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই অফিসে অনিয়ম বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ বিভিন্ন সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ রয়েছে, নামজারি (মিউটেশন) সম্পন্ন করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ পেতে ঘুষ দিতে হয়। চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারলে আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া ১৪৪/১৪৫ ধারা সংক্রান্ত তদন্তেও অর্থের বিনিময়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ উপজেলায় কর্মরত থাকায় অনেক সময় নিয়ম-নীতি উপেক্ষা করে খেয়ালখুশি মতো অফিসে উপস্থিত হন ওই কর্মকর্তা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন স্থানীয় রাজনৈতিক নেতা স্ট্যাটাস দিলে তাকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এছাড়া অভিযোগ রয়েছে, তার ভাই সাবেক ভূমি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বদলির পরও তার পূর্ব পরিচিত কিছু দালাল চক্র ভূমি অফিসে সক্রিয় রয়েছে। তারা নামজারি, খতিয়ান উত্তোলন ও তদন্তে সহযোগিতার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ আদান-প্রদানে সহায়তা করে।
স্থানীয়দের দাবি, ভূমি অফিসের সহকারী রাজিয়া সুলতানা ও ভূমি সহকারী কর্মকর্তা খালিদা বিনতে হোসেন নিকটাত্মীয় হওয়ায় অফিসে একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে। ফলে সাধারণ নাগরিকরা অনেক সময় ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ অবস্থায় ঘুষ বাণিজ্য, দালালদের আধিপত্য ও অনিয়ম বন্ধে দ্রুত তদন্ত করে দায়ীদের অপসারণ এবং ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025