ভোলা জেলা প্রতিনিধি মোঃ রুবেল
৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শান্তিপূর্ণ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে পরিকল্পিত হামলা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দৌলতখানে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি সকালে দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ চলাকালে ধারাবাহিকভাবে হামলা ও বাধা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সির হাট বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
জামায়াতে ইসলামীর দাবি, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্ব ও প্রত্যক্ষ অংশগ্রহণে অর্ধশতাধিক ব্যক্তি ওই হামলায় অংশ নেয়। এতে দাঁড়িপাল্লা প্রতীকের বহু নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হন। আহতদের কেউ হাসপাতালে এবং কেউ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা-কর্মী হামলায় নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে গণসংযোগে বাধা দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে।
হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— মো. রাসেল, মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ নাঈম, মো. আব্দুল মালেক, মো. সাগর, মো. ফারুক, মো. খোকন, মো. জাবের, মো. সোহাগ, মো. ফরহাদ, মো. জুয়েল ও মো. আক্তারসহ আরও অনেকে।
এ ছাড়া একই দিন দক্ষিণ জয়নগর ১ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডেও দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের গণসংযোগে বাধা দেওয়ার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নারী কর্মীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারে বাধা ও এজেন্টদের হুমকির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ অবস্থায় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৌলতখান উপজেলায় সকল প্রার্থীর জন্য নিরাপদ ও সমান নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাসান তারেক হাওলাদার।

